যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন হাসিনা? সামরিক বিমান প্রসঙ্গে যা বলল ভারত

ফানাম নিউজ
  ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫১

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সামরিক বিমান সংক্রান্ত এক প্রশ্নের জবাব এড়িয়ে গেছে ভারত। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে ব্যাকচ্যানেলে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, তাঁকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। পাশাপাশি দেশে ফেরার পর তাঁর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে।

প্রতিবেদনে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও সফল হয়নি।

এ বিষয়ে শুক্রবারের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি।

এদিকে বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।

জয়সওয়াল জানান, বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়