ভিডিও ফুটেজ দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফানাম নিউজ
  ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে। অতিরিক্ত বল প্রয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায় হামলা, একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা চালিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ‘তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাচ্ছে, মিছিলে সাধারণ মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলি করি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নির্দোষ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনো নিরীহ মানুষ যেন গুলিতে নিহত না হন, তা নিশ্চিত করতে চায় সরকার।

তিনি আরও বলেন, আত্মরক্ষার প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন পর্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করছে।

টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান সম্পর্কে তিনি বলেন, সেখানে ২০০ সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার ও একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে কঠোর ব্যবস্থা নিতে পারত। তবে সাধারণ মানুষ যাতে হতাহত না হন, সে জন্য বাহিনীর সদস্যরা দূরে অবস্থান করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

থানায় হামলার সময় মসজিদের মাইক ব্যবহার করে লোকজনকে আহ্বান জানানোর অভিযোগও করেন তিনি। তাঁর ভাষ্য, হামলাকারীদের ভিডিও, অডিও ও ফুটেজ সরকারের কাছে রয়েছে। যারা থানায় হামলা করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করেছে কিংবা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির নেতাকর্মীরা গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে বলে সরকার মনে করে। তিনি দলটির বিরুদ্ধে গত ১৫-১৬ বছর অগণতান্ত্রিক শাসন পরিচালনা ও গণহত্যার অভিযোগ তোলেন।

আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনানুগভাবে তাদের ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে আদালতের রায় ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এ সময় বিরোধীদলীয় চিফের বিদেশ সফরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের সন্ত্রাসী হামলার চেষ্টার অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের দূতাবাস ও কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর কথা বলেন তিনি।

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তাঁর সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা অশোভন আচরণ করেছেন। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশের দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়