
বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হওয়ায় সেই বিতর্কের মুখে একাধিকবার পড়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তবে বাবার পরিচয় আড়াল করতে চান না তিনি। বরং চাঙ্কি পাণ্ডের মেয়ে হতে পেরে গর্বিত বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত ২৪তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন অনন্যা। এ সময় জেন-জি প্রজন্মকে নিয়ে প্রচলিত বিভিন্ন ধারণারও জবাব দেন তিনি।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। এরপর থেকেই তার অভিনয়জীবন ও পারিবারিক পরিচয় নিয়ে নেপোটিজম বিতর্কে আলোচনা-সমালোচনা চলে আসছে। তবে নিজের পারিবারিক পরিচয় অস্বীকার করার কোনো কারণ দেখেন না অভিনেত্রী।
অনন্যা বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি স্বীকার না করার কোনো অর্থ নেই। আমি আমার বাবার মেয়ে হতে পেরে খুব গর্বিত। চাঙ্কি পাণ্ডের সঙ্গে আমার পরিচয় কখনোই অস্বীকার করতে চাই না। তাই এই সম্পর্কের সঙ্গে কোনো নেতিবাচক অর্থ জুড়ে দিতে চাই না।’
আলোচনায় জেন-জি প্রজন্মকে অলস, অতিরিক্ত অধিকারসচেতন ও পরিশ্রমবিমুখ বলার প্রচলিত ধারণার সঙ্গেও একমত হননি তিনি।
সাফল্যের সংজ্ঞা নিয়ে অনন্যার ভাষ্য, আগের প্রজন্মের কাছে সাফল্য অর্জনের নির্দিষ্ট একটি পথ ছিল। তবে জেন-জি প্রজন্মের কাছে সাফল্যের ধারণা ভিন্ন। প্রত্যেকে নিজের মতো করে সফল হওয়ার পথ তৈরি করছে।
তিনি বলেন, ‘আমি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও ভালো থাকি, যত বেশি সময় সম্ভব কাজ করতে ভালোবাসি। তবে আমার প্রজন্মের অন্য কেউ হয়তো আমার মতোই সফল, কিন্তু ততটা পরিশ্রম করে না। সাফল্য অর্জনের সেটি তার নিজস্ব উপায়।’