
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন স্লোগান দিয়ে মহড়া দেন তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেওয়ার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। এ ছাড়া বিভিন্ন সড়কে অস্ত্র হাতে তাদের মহড়া দিতে দেখা গেছে।
এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
এদিকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাদের গতিরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।