মুন্সীর আর সুযোগ নেই, আরেক আসনেও নাটকীয়তা

ফানাম নিউজ
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৭

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের আদেশে কুমিল্লার দুটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা চূড়ান্ত রূপ নিল। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা-০৪ ও কুমিল্লা-১০— এই দুই আসনেই আপাতত ধানের শীষ প্রতীকে কোনো প্রার্থী নির্বাচন করতে পারছেন না।

রোববার (১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কুমিল্লা-০৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল পিটিশন খারিজ করে দেন। এর ফলে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল এবং তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।

একই দিন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুঁইয়ার লিভ টু আপিল পিটিশনও খারিজ করে দেন আপিল বিভাগ। আদালতের এই আদেশের মাধ্যমে তাঁর নির্বাচন করার সুযোগও শেষ হয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এ ছাড়া কুমিল্লা-১০ আসনের আরেক প্রার্থী মোবাশ্বের আলমের বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন আদালত। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত করা হয়েছে। ফলে এই আদেশ কার্যকর থাকায় তিনিও বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারছেন না।

তবে আদালত জানিয়েছেন, মোবাশ্বের আলমের আপিলের শুনানি যদি নির্বাচনের আগে শেষ হয় এবং তাঁর পক্ষে রায় আসে, সে ক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

সব মিলিয়ে আপিল বিভাগের আজকের আদেশের ফলে কুমিল্লা জেলার দুটি আসন—কুমিল্লা-০৪ ও কুমিল্লা-১০—এই দুই আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী এখন আর নির্বাচনে নেই।

এতে নির্বাচনী মাঠে কুমিল্লার এই দুটি আসনের চিত্রে বড় ধরনের পরিবর্তন এলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়