
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী আওয়ামী লীগ গঠন করেছিলেন। পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাঁকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তাঁরাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলা চালাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করানো হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজির মাধ্যমে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমানো যাবে না।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন স্মরণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন তিনি। ১৯৫৭ সালেই মওলানা ভাসানী বুঝতে পেরেছিলেন, পাকিস্তান টিকবে না এবং বাংলাদেশ স্বাধীন হবে। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে এবং ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলেও উল্লেখ করেন রিজভী।
তিনি বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান ও ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।