
আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ‘আল মায়েদা’ নামের ট্যাংকারটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানে বলে জানিয়েছে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি।
কাতারি সংস্থাটি জানিয়েছে, হামলায় ট্যাংকারটির কোনো ক্রু আহত হননি। সবাই সুস্থ আছেন। এ ঘটনায় পরিবেশের ওপরও কোনো প্রভাব পড়েনি।
প্রতিষ্ঠানটির ভাষ্য, নৌযানটি নিরাপদ অবস্থায় রয়েছে এবং সচল আছে। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হচ্ছে।
তবে গ্যাসবাহী ট্যাংকারটিকে লক্ষ্য করে কারা হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরব উপসাগর, যা পারস্য উপসাগর নামেও পরিচিত, সেখান দিয়ে চলাচলের ক্ষেত্রে হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ জলপথ।
## শর্ত পূরণ হলে দুই দিনের মধ্যে হরমুজ খুলে দেবে ইরান
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্তগুলো পূরণ করলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও ওমান হরমুজ প্রণালিতে যে নতুন নৌপথ নির্ধারণ করেছে, সেটির স্বীকৃতি দিতে হবে।
আরাঘচির উল্লেখ করা অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপ করেছে, সেগুলো তুলে নেওয়া; মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি কমানো এবং জুনে হওয়া চুক্তির মাধ্যমে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা পুনর্বহাল করা।
এ ছাড়া ইরানের জব্দ করা অর্থ ছাড়, যার মধ্যে কাতারে আটকে থাকা অর্থও রয়েছে; হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারিত নৌপথ ছাড়া অন্য সব পথ বন্ধ এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের শর্ত দিয়েছেন তিনি।
বিশেষ করে লেবাননে হামলা বন্ধের ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: আলজাজিরা