যুদ্ধ চালাতে বিপুল অর্থ পায় কোথা থেকে হুথিরা, অর্থের উৎস কী?

ফানাম নিউজ
  ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪১

ইয়েমেনে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থায়নে বাধা এবং সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের মুখেও তাদের যুদ্ধের রসদ সরবরাহ অব্যাহত রয়েছে। প্রশ্ন উঠেছে, জীর্ণশীর্ণ পোশাকে লড়াই করা হুথি যোদ্ধাদের পেছনে বিপুল অর্থের জোগান আসছে কোথা থেকে?

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে হুথিরা অর্থ সংগ্রহের নানা ব্যবস্থা গড়ে তুলেছে। কর, শুল্ক, জ্বালানি বাণিজ্য, সাধারণ মানুষের অনুদানসহ বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তারা সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে অর্থনৈতিক নিয়ন্ত্রণও শক্তিশালী করছে।

১৯ বছর বয়সী হুথি যোদ্ধা মোহাম্মদ গত মার্চে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে লড়াইয়ে অংশ নেন। তাঁর ভাষ্য, যুদ্ধক্ষেত্রে সব সময় মৃত্যু কিংবা সংঘাতের অভিজ্ঞতা হয় না। যোদ্ধাদের খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রয়েছে। কমান্ডাররা তাদের প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করেন।

বছরে ব্যয় ২৫০ কোটি ডলার

গত জুলাইয়ে ‘মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর এক প্রতিবেদনে বলা হয়, হুথিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ পায়। বছরে তাদের ব্যয়ের পরিমাণ প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন বা ২৫০ কোটি ডলার।

প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে প্রায় ৮০ কোটি ডলার আসে কর ও কাস্টমস থেকে। অতিরিক্ত ফি ও আরোপিত শুল্ক থেকে আসে ৬০ কোটি ডলার। সাধারণ মানুষের অনুদান থেকে পাওয়া যায় প্রায় ৩০ কোটি ডলার। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান, সমাবেশ এমনকি গণজানাজা থেকেও অর্থ সংগ্রহ করে তারা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, হুথিদের সংগৃহীত অর্থের প্রায় ৬০ শতাংশ সরাসরি নিরাপত্তা ও সামরিক খাতে ব্যয় করা হয়।

কর, অনুদান ও জ্বালানি বাণিজ্য

হুথিরা বিভিন্ন উপায়ে সাধারণ মানুষের কাছ থেকেও অর্থ সংগ্রহ করে। ইয়েমেনের রাজধানী সানার বাসিন্দা আলি নাজি আলজাজিরাকে জানান, তাঁর মোবাইলে প্রায়ই ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনীর জন্য আর্থিক সহায়তা চেয়ে বার্তা আসে।

তিনি বলেন, নিজে অর্থ না দিলেও হাজার হাজার মানুষ ১০০ রিয়াল করে অনুদান দেন। ছোট ছোট এসব অনুদান একত্র হয়ে বড় অঙ্কের অর্থে পরিণত হয়।

গণজানাজা ও বিভিন্ন সমাবেশেও অর্থ সংগ্রহ করা হয়। আলি নাজি জানান, সম্প্রতি একটি গণজানাজায় হুথি যোদ্ধাদের এক সদস্য তাঁর কাছে একটি খাম দিয়ে অর্থ সহায়তা চান। পরে তিনি ওই খামে এক হাজার রিয়াল দেন।

বড় সমাবেশ ও মিছিলের সময় মাটিতে কাপড় বিছিয়ে দেওয়া হয়। সেখানে কেউ নগদ অর্থ, কেউ রাইফেল বা পিস্তল, আবার কেউ প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তা করেন। একটি সমাবেশ থেকেই কয়েক মিলিয়ন রিয়াল সংগ্রহ সম্ভব বলে জানান আলি নাজি।

এ ছাড়া জ্বালানি তেল বাণিজ্য থেকেও বিপুল অর্থ আয় করে হুথিরা। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান সরকার হুথিদের কাছে বিপুল পরিমাণ তেল বিক্রি করেছে এবং বিনামূল্যেও তেল সরবরাহ করেছে। ইরান ও ইরান-সংশ্লিষ্ট দুবাইভিত্তিক কোম্পানির মাধ্যমে এসব তেল পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ইরান থেকে আনা এসব তেল বিক্রি করে হুথিরা বছরে প্রায় ২০০ কোটি ডলার আয় করে।

অর্থনৈতিক নিয়ন্ত্রণ থেকেই সামরিক শক্তি

সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ইয়াজিদ আল-জেদ্দাওই বলেন, হুথিরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে, যার মাধ্যমে অর্থনৈতিক নিয়ন্ত্রণ ব্যবহার করে সামরিক কার্যক্রম পরিচালনা করে। আবার সামরিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে।

তাঁর মতে, কর, কাস্টমস, জাকাত, জ্বালানি ও টেলিযোগাযোগ খাত থেকে তাদের অর্থ আসে। আমদানির অনুমোদন, বিভিন্ন ফি এবং বৈদেশিক মুদ্রার ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসায়ীদের ওপরও প্রভাব বিস্তার করেছে তারা।

এই অর্থনৈতিক ব্যবস্থা নিজেদের নিরাপত্তা কাঠামো ও প্রতিষ্ঠান টিকিয়ে রাখার পাশাপাশি সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে।

ইয়াজিদ আল-জেদ্দাওই আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে হুথিরা বেকার তরুণদের যোদ্ধা হিসেবে নিয়োগ দিতে পারছে। ইয়েমেনে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় অনেক তরুণের কাছে হুথি বাহিনীতে যোগ দেওয়া আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। পাশাপাশি মতাদর্শগত কারণেও অনেকে তাদের সঙ্গে যুক্ত হচ্ছে।

২০২৪ সালে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের তথ্য অনুযায়ী, হুথি যোদ্ধার সংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। ১৮ বছরের কম বয়সীদেরও যুদ্ধে যুক্ত করার কারণে এ সংখ্যা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংগৃহীত অর্থ দিয়ে হুথিরা আধুনিক অস্ত্র, দুর্গ, পরিখা, সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ অবকাঠামো তৈরি করেছে। পাশাপাশি গড়ে তুলেছে অস্ত্র উৎপাদনের কারখানা। এসব সামরিক অবকাঠামো পরিচালনায় দীর্ঘমেয়াদি বিপুল অর্থের প্রয়োজন হয়।

যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে দুর্ভোগে সাধারণ মানুষ

হুথিদের সামরিক খাতে বিপুল ব্যয়ের বিপরীতে ইয়েমেনের সাধারণ মানুষের জীবনযাত্রার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতি গবেষকরা।

তাইজ সেন্টার ফর ইয়েমেনি গালফ স্টাডিজের গবেষক ওয়াফিক সালেহ বলেন, সামরিক ও যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হুথি নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিষ্ঠানগুলো অর্থসংকটে ভুগছে। সরকারি কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সেবার মানও ক্রমাগত অবনতি হচ্ছে।

তিনি জানান, ২০১৬ সাল থেকে প্রায় ১০ লাখ ইয়েমেনি সরকারি চাকরিজীবী নিয়মিত বেতন পাচ্ছেন না। অথচ এই সময়ে হুথিরা নিজেদের অস্ত্র আধুনিক করেছে এবং সামরিক অভিযানে বিপুল অর্থ ব্যয় করেছে।

জাতিসংঘের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। প্রায় আড়াই কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

তবে সাধারণ মানুষের দুর্ভোগের মধ্যেও সামরিক খাতে ব্যয়কে প্রয়োজনীয় বলে মনে করেন হুথি যোদ্ধা মোহাম্মদ। তাঁর ভাষায়, দেশ স্বাধীন করা এবং বিদেশি সেনাদের বিতাড়িত করতে অর্থ ব্যয় করতেই হবে। যোদ্ধাদের অর্থায়ন ও সামরিক অভিযানে সহায়তা করাকে দেশপ্রেমিকদের অগ্রাধিকার দেওয়া উচিত।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়